August 24, 2026

ইশান কিষানের ডাবল সেঞ্চুরি ও বিরাট কোহলির সেঞ্চুরিতে রেকর্ড বইয়ে তোলপাড়।

0
virat

সিরিজের প্রথম দুই ম্যাচে ইশান কিষান ছিলেন দর্শক। শেষ ম্যাচে সুযোগ পেয়ে বাংলাদেশের বোলার-ফিল্ডারদের তিনি বানিয়ে রাখলেন দর্শক। ভারতের এই তরুণ ব্যাটসম্যানের ব্যাট থেকে বল ছুটতে থাকল মাঠের নানা প্রান্তে, উড়তে থাকল নানা সীমানায়। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের ২২ গজে ব্যাটিং তাণ্ডবে ডাবল সেঞ্চুরি উপহার দিয়ে তিনি ঝড় তুললেন রেকর্ড বইয়েও।

বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে শনিবার চট্টগ্রামের ১৩১ বলে ২১০ রানের ইনিংস উপহার দেন কিষান। ওয়ানডেতে মাত্র নবমবার ব্যাট করতে নামা ব্যাটসম্যান প্রথম সেঞ্চুরিতে পৌঁছান ৮৫ বলে। এরপর যেন অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। বাংলাদেশের বোলিং আক্রমণ গুঁড়িয়ে পরের একশ করেন তিনি স্রেফ ৪১ বলেই।

বিধ্বংসী এই ইনিংসের পথে ২৪ বছর বয়সী ব্যাটসম্যান নাম লেখান একগাদা রেকর্ডে। পাশাপাশি বিরাট কোহলির সেঞ্চুরি ও ভারতের চারশ ছাড়ানো ইনিংসেও জন্ম হয় কিছু রেকর্ডের।

ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হলো মোট ৯টি। তাদের মধ্যে দ্রুততম ইশান কিষানই। ১২৬ বল খেলে দুইশ ছুঁয়ে তিনি অনেকটা ব্যবধানে পেছনে ফেলেন ক্রিস গেইলকে।

২০১৫ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে গেইল ডাবল সেঞ্চুরি করেন ১৩৮ বলে।

২৪ বছর ১৪৫ দিন বয়সে ডাবল সেঞ্চুরি করলেন কিষান। তার চেয়ে কম বয়সে এই মাইলফলক ছুঁতে পারেননি আর কেউ।

কিষান পেছনে ফেলেন ওয়ানডে দলে তার নিয়মিত অধিনায়ককে। রোহিত শর্মা তার তিন ডাবল সেঞ্চুরির প্রথমটি করেন ২৬ বছর ১৮৬ দিন বয়সে।

ক্যারিয়ারের মাত্র নবম ওয়ানডে ইনিংসেই ডাবল সেঞ্চুরির স্বাদ পেয়ে গেলেন ইশান কিষান। এত কম ইনিংসে এই উচ্চতা ছুঁতে পারেননি আর কেউ।

আগের রেকর্ডটি ছিল ফখর জামানের। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে যখন ২১০ রানের ইনিংসটি খেললেন পাকিস্তানি ওপেনার, সেটি ছিল তার ১৭তম ইনিংস।

প্রথম ওয়ানডে সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরিতে রূপ দেওয়া প্রথম ব্যাটসম্যান ইশান কিষান।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হলো এবারই প্রথম। আগের সর্বোচ্চ ইনিংসটি ছিল চার্লস কভেন্ট্রির। ২০০৯ সালে বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের ব্যাটসম্যান করেছিলেন ১৫৬ বলে অপরাজিত ১৯৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *