August 19, 2026

জাপার দলীয় কোন্দল রংপুুরে প্রার্থী দিতে চায় রওশন এরশাদ

0
৩২

এদিকে বিমানবন্দরেই রংপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী ঘোষণা করা হবে বলে বিরোধীদলীয় নেতার প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে গত ১৩ নভেম্বর এ নির্বাচনে বর্তমান মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফাকে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা করেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।

থাইল্যান্ডে চিকিৎসা শেষে দীর্ঘ পাঁচ মাস পর আজ রোববার দেশে ফিরছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। আজ দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দরে নেমে সেখানে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সংবাদমাধ্যমের উদ্দেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

জাপা নেতা কাজী মামুনুর রশিদের পক্ষ থেকে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রওশন এরশাদকে অভ্যর্থনা জানাতে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ, পার্টির সিনিয়র নেতা অধ্যাপক দেলোয়ার হোসেন খান, এসএমএম আলম, সাবেক প্রেসিডিয়াম সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর, সাবেক এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, এমএ গোফরানসহ নেতাকর্মীরা বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

জানা গেছে, দলের প্রধান পৃষ্ঠপোষক দীর্ঘদিন পর দেশে ফিরলেও জাতীয় পার্টির জি এম কাদেরপন্থি নেতাদের কেউ বিমানবন্দরে যাবেন না। দলের প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের মৌখিকভাবে এ বিষয়ে নেতিবাচক বার্তা দেওয়া হয়েছে। কৌশল হিসেবে দলের বেশ কয়েকজন সংসদ সদস্য জরুরি কাজের কথা বলে নিজ নিজ নির্বাচনী এলাকায় চলে গেছেন।

জাতীয় পার্টির প্রেসিডয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ‘দলের চেয়ারম্যান যেভাবে নির্দেশনা দেবেন, আমরা সে অনুযায়ী পদক্ষেপ নেব। এর বেশি কিছু বলার নেই।’

সূত্র জানায়, দলটির অভ্যন্তরীণ বিরোধ মেটাতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় দূরত্বও কমেনি। এ অবস্থায় রংপুর সিটি নির্বাচনে আলাদা প্রার্থী ঘোষণার প্রস্তুতি নিয়েছেন রওশনের অনুসারীরা।

এ বিষয়ে জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান বলেন, ‘জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী কোনো নির্বাচনের জন্য প্রার্থিতা ঘোষণার এখতিয়ার মহাসচিবের নেই। তিনি যদি কাউকে প্রার্থী ঘোষণা করে থাকেন, তাহলে সেটা বৈধ হবে না। এ এখতিয়ার চেয়ারম্যানের। কিন্তু আদালতের নির্দেশে চেয়ারম্যানের কার্যক্রম স্থগিত রয়েছে। ফলে তিনিও প্রার্থী দিতে পারবেন না।’

রওশন এরশাদ পক্ষের সংবাদ বিজ্ঞপিতে বলা হয়েছে, তিনি বিমানবন্দরে ১৫ মিনিটের মতো অবস্থান করবেন। বিশ্ব পরিস্থিতি, দেশীয় রাজনীতি, দলে চলমান অস্থিরতা ও তৃণমূল নেতাকর্মীদের কাছে পৌঁছানো বিভ্রান্ত তথ্যের বিষয়ে তার বক্তব্য তুলে ধরবেন।

জানা গেছে, রওশন এরশাদের দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত বড় শোডাউন করতে চান জি এম কাদের বিরোধীরা। ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলা থেকেও লোকসমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিরোধীদলীয় নেতাকে সংবর্ধনায় প্রায় ৪ থেকে ৫ হাজার লোকের সমাবেশের চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *