নান্দাইলে আ.লীগ নেতা-চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
জহিরুল ইসলামঃ
টানা দুই বারের জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে জনসভায় সরকার দলীয় সংসদ সদস্যকে ২০১৪ সালে অটো পাশ ২০১৮ সালে ‘রাতের পাশ’ বলায় এক আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী।
শুক্রবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে নান্দাইল নতুন বাজার দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল।
এসময় পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিক উদ্দিন ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক শরাফ উদ্দিন ভুইয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রেনু, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক এ কে এম গোলাম মোস্তফা সরকার,হাফিজুর রহমান রিপন, উপজেলা যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক বাহার, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান নয়ন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগের বিভিন্ন স্থরের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
মিছিলে হাজার হাজার নারী-পুরুষকে ঝাড়ু হাতে অংশগ্রহণ করতে দেখা যায়। মিছিল পরবর্তী সময়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল বলেন, নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান হয়ে আওয়ামী লীগ, দলের সাংসদ ও নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার কোন সুযোগ ওই চেয়ারম্যানের নেই। প্রকাশ্য জনসভায় মাইকে সরকার দলীয় এমপিকে অটো পাস, রাতে ভোট চুরি করে নির্বাচিত হওয়া, অশ্লীল গালিগালাজ ও মানহানিকর বক্তব্য দেওয়া বিএনপি ও জামাত জোটের শীর্ষ নেতাদের বক্তব্যের সাথে মিলে যায়। আমরা এর তীব্র নিন্দা জানিয়ে এমদাদুল হক ভূইয়াকে বহিস্কারের দাবি জানাই।
উল্লেখ্য, মঙ্গলবার উপজেলার চন্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমদাদুল হক ভুইয়া স্থানীয় একটি তৃণমূল আওয়ামী লীগের কর্মী সভায় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিনকে রাতের ভোটে পাস করা এমপি হিসেবে উল্লেখ করেন।
তিনি উপস্থিত জনগণকে বলেন, ‘তুহিন সাহেব দুই বার এমপি হলেও আপনারা কখনো ভোট দিতে পারেননি। ২০১৪ সালে বিনা ভোটে অটোপাস করেছে। অন্যদিকে ২০১৮ সালে রাইতের ভোটে এমপি হয়েছেন। এই অবস্থায় ২০২৩ সালে তিনি বাঁশ খাবেন।’ পরে সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ভাইরাল হলে সর্বত্র তোলপাড় শুরু হয়।
এ অবস্থায় বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন আয়োজন করে এবং শুক্রবার ঝাড়ু মিছিল করে ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভূইয়াকে দল থেকে বহিস্কারের জোর দাবি জানান বক্তারা।