August 1, 2026

স্বচ্ছ নির্বাচনে বিশ্বাস করে আ.লীগ, সংসদে পররাষ্ট্রমন্ত্রী

0
আলগা মোমেন

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ স্বাধীন নির্বাচন কমিশন তৈরি করেছে। আওয়ামী লীগ স্বচ্ছ নির্বাচনে বিশ্বাস করে। আজ সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আব্দুল মোমেন বলেন, ভোট ও ভাতের অধিকারের জন্য বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ সব সময় সংগ্রাম করেছে। স্বচ্ছ ও সুন্দর নির্বাচন যাতে হয়, সে জন্য আওয়ামী লীগ ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি করেছে, স্বচ্ছ ব্যালট বাক্স উপহার দিয়েছে। বিশেষ করে সম্পূর্ণ স্বাধীন নির্বাচন কমিশন তৈরি করেছে। এখন বিএনপির আমলের ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটারের আমল চলে গেছে। ১০টা হোন্ডা, ২০টা গুন্ডার দিন চলে গেছে। আজিজ মার্কা নির্বাচন কমিশন নেই। এ জন্য বোধ হয় তাদের (বিএনপি) অন্তরে এত জ্বালা।

সরকারের উন্নয়ন দেখে দেশ, উন্নয়ন এবং সরকারবিরোধী কিছু স্বার্থান্বেষী লোক মিথ্যা, বানোয়াট প্রচারণায় উঠেপড়ে লেগেছে বলে উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, তারা গুজব ছড়িয়ে সরকারের অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অর্থনীতির সব সূচক স্থিতিশীল ও বলিষ্ঠ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হবে। সেই লক্ষ্য অর্জনে পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থনৈতিক কূটনীতি, পাবলিক কূটনীতি এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নীতি চালু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed