প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২০ হাজার ডলার দিল চীন
ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশের বন্যাদুর্গতদের সহায়তার লক্ষ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২০ হাজার মার্কিন ডলার সহায়তা দিয়েছে চীন।
রোববার (২৫ আগস্ট) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে অনুদানের চেক তুলেন দেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বৈঠকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশে ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি দেখে তিনি মর্মাহত। তিনি হতাহতদের প্রতি গভীর সমবেদনা এবং তাদের পরিবার, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।
এ সময় তিনি জানান, চীনের রেড ক্রস সোসাইটি জরুরি মানবিক সহায়তার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে নগদ এক লাখ ডলার অনুদান দেবে। চীনা দূতাবাস প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২০ হাজার ডলার অনুদান এবং ফেনী ও অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জন্য ৬ মিলিয়ন টাকার খাদ্য ও অন্যান্য ত্রাণ সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।