ফিলিস্তিনি এক ফুটবলার নিহত ইসরাইলি সেনার গুলিতে আহত আরো ৭ জন
পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে নিহত হয়েছে এক ফিলিস্তিনি ফুটবলার। ২৩ বছর বয়সী আহমেদ দারাঘমেহ বৃহস্পতিবার ইসরাইলি সেনার গুলিতে আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ওয়েস্ট ব্যাংক প্রিমিয়ার লীগের ক্লাব থাকাফি তুলকারেমের হয়ে খেলতেন।
খবরে জানানো হয়, আহমেদ ছাড়াও ইসরাইলিদের গুলিতে আরও ৫ ফিলিস্তিনি আহত হন। এক ফিলিস্তিনি জানালা দিয়ে এই ঘটনার ভিডিও করার চেষ্টা করেন। ভিডিওতে গুলি চিত্র না এলেও শব্দ পাওয়া গেছে। জানা গেছে, আহমেদ পার্শ্ববর্তী তুবাস শহরের বাসিন্দা। এই সিজনে সে ছয় গোল করে ক্লাবের টপ স্কোরার হয়েছিলেন। তবে গুলির সময় তিনি আন্দোলনে যোগ দিয়েছিলেন কিনা তা স্পষ্ট নয়।
ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে, যেসব ফিলিস্তিনি তাদের দিকে বিস্ফোরক ছুঁড়ে মেরেছে শুধুমাত্র তাদেরকেই গুলি করেছে তারা।
এ বছর পশ্চিম তীরে ১৫০ ফিলিস্তিনি ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। সে হিসেবে ২০০৬ সালের পর ২০২২-ই পশ্চিম তীরের জন্য সবথেকে রক্তাক্ত বছর। এছাড়া ইসরাইলের অভ্যন্তরেও ফিলিস্তিনিদের বিচ্ছিন্ন হামলার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ইসরাইলি বাহিনী মূলত ফিলিস্তিনের জেনিন ও নাবলুসের মতো শহরগুলোতে বেশি অভিযান পরিচালনা করে থাকে।