August 28, 2026

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন

0
২৮

ফাঁস দিয়ে মৃত্যুঞ্জয়ী সেন নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সোমবার রাতে যশোরের নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি। 

মৃত্যুঞ্জয়ী সেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতের কোনো এক সময় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মৃত্যুঞ্জয়ী। সকালে ঘুম থেকে উঠে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার বাবা-মা মৃত্যুঞ্জয়ীর মরদেহ নামিয়ে স্থানীয় থানা পুলিশকে খবর দেন।

মৃত্যুঞ্জয়ীর সহপাঠী সূত্রে জানা গেছে, মৃত্যুঞ্জয়ীর গ্রামের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলায়। বাবা একজন পান ব্যবসায়ী। তার একজন ছোট ভাই আছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে তার সৎকার কাজ সম্পন্ন হয়েছে।

জানতে চাইলে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সভাপতি অধ্যাপক মাঈন উদ্দীন শোক প্রকাশ করে বলেন, মৃত্যুঞ্জয়ী মেধাবী ছাত্র ছিল। পড়াশোনার প্রতি ছিল তার প্রবল আগ্রহ। কিন্তু মানসিক কারণে প্রায়ই সে অসুস্থ থাকত। তাই ঠিকমতো ক্লাসে উপস্থিত হতে পারত না। এমনকি কাঙ্ক্ষিত পড়াশোনাও চালিয়ে যেতে পারত না। এটা নিয়ে সে অনেকটা হতাশায় ভুগত। সেটার জন্যই হয়তো সে আত্মহত্যা করতে পারে। তার মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত।

জানতে চাইলে মনিরামপুর থানার ওসি শেখ মো. মনিরুজ্জামান বলেন, এটি প্রকৃতই আত্মহত্যা। তার মৃত্যুতে আমরা একটি অপমৃত্যুর মামলা নিয়েছি। মৃত্যুঞ্জয়ীর বাবা-মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা তার লাশটি ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করেছি। ইতোমধ্যে তার সৎকার কাজও সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *