মিছিল নিয়ে দলে দলে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন ঢাকা মহানগর উত্তর, নেতা-কর্মীরা
মিছিল নিয়ে দলে দলে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্র–সংলগ্ন পুরোনো বাণিজ্য মেলার মাঠে গিয়ে এ চিত্র দেখা গেছে।
বেলা একটার দিকে গিয়ে দেখা যায়, মাঠে বাঁশের বেড়া দিয়ে কালো কাপড় বেঁধে সমাবেশের স্থান নির্ধারিত করা হয়েছে। নির্দিষ্ট স্থানের দক্ষিণ-পূর্ব কোণে ট্রাকমঞ্চ। সমাবেশে যোগ দিতে বিভিন্ন থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলে দলে মিছিল নিয়ে আসছেন। মিছিলকারী নেতা–কর্মীরা স্লোগান দিচ্ছেন, ‘জামাত–শিবির–রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়; শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।’ মিছিলকারী নেতা–কর্মীদের অনেকে এক রঙের টুপি, নারীরা একই রঙের শাড়ী পরে সমাবেশে এসেছেন।
বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্যমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আজ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল করা হবে।
সমাবেশে অংশ নিতে মিছিল নিয়ে যোগ দিয়েছেন ভাষানটেক থানা, ক্যান্টনমেন্ট থানা, ৯৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য আগা খান এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুজিব সারোয়ারের নেতৃত্বে মিরপুর থানা, শাহ আলী থানা, দারুস সালাম থানা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। এ ছাড়া ৫২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা সোহেল রানা ও আলাউদ্দিন আল সোহেলের নেতৃত্বে উত্তরা পশ্চিম থানার নেতা–কর্মীরা সমাবেশে আসেন।