July 29, 2026

বিশ্বকাপের সেরা গোলের পুরস্কার জিতেছেন ব্রাজিলের রিচার্লিসন

0
০৫

‘হেক্সা মিশন’ সম্পন্ন হয়নি ব্রাজিলের। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় সেলেসাওরা। দলীয় সাফল্য শূন্য হলেও ব্যক্তিগত নৈপুণ্যে একটি জায়গায় সেরা হয়েছেন ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসন। টুর্নামেন্ট সেরা গোলের পুরস্কার পাচ্ছেন তিনি।

গ্রুপপর্ব থেকে ফাইনাল পর্যন্ত ম্যাচগুলোতে মোট ১৭২টি গোল হয়েছে। তার মধ্যে সেরা ১০টি গোলকে মনোনীত করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফুটবল প্রেমীদের ভোটে তার মধ্যে সেরাদের সেরা নির্বাচিত হয় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসনের করা একটি গোল। সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্ব যাত্রা শুরু করেছিল ব্রাজিল। ম্যাচটিতে দুটি গোলই করেন রিচার্লিসন। সার্বিয়ার বিপক্ষে টটেনহ্যাম স্টারের করা দ্বিতীয় গোলটিকে সেরা নির্বাচন করা হয়েছে। লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির ৭৩তম মিনিটের ঘটনা।

বাঁ দিক থেকে সাইড ফুট ক্রস বাড়ান ভিনিসিউস জুনিয়র, আর বাঁ পায়ের টোকায় বল উপরে তুলে শরীর শূন্যে ভাসিয়ে ১৩ গজ দূর থেকে দুর্দান্ত অ্যাক্রোবেটিক শটে লক্ষ্যভেদ করেন রিচার্লিসন।

রিচার্লিসনেরই আরেকটি গোল সেরা দশে মনোনয়ন পেয়েছিল। শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে করা গোলটি। ২৯তম মিনিটে কোরিয়ার ডি-বক্স থেকে ফেরত আসা বলে তিন-চারবার হেড মেরে নিয়ন্ত্রণে নিয়ে মার্কিনহোসকে দেন রিচার্লিসন। এরপর মার্কিনহোস-থিয়াগো সিলভা হয়ে ফের বল পেয়ে লক্ষ্যভেদ করেন রিচার্লিসন।

সেরার দৌড়ে ছিল নেইমারের একটি গোলও। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে দুর্দান্ত একটি গোলে দলকে লিড এনে দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা। বিশ্বকাপ ফাইনালে কিলিয়ান এমবাপ্পের সমতাসূচক দ্বিতীয় গোলটিও ছিল সেরা দশে। এছাড়া মনোনয়ন পাওয়া উল্লেখযোগ্য গোলগুলো হলো পোল্যান্ডের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের, ইকুয়েডরের বিপক্ষে ডাচ তারকা কোডি গাকপোর, মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের গোল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed