August 2, 2026

ট্রেন আটকে ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি গাজিপুরে

0
৭২

ঢাকা-ময়মনসিংহ রেলসড়ক ও ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলে চলাচলকারী সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি, যাত্রীদের মাসিক টিকিট প্রদানসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সকালে গাজীপুরে ট্রেন আটকে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন নামের সংগঠনের ব্যানারে নানা শ্রেণি-পেশার লোকজন এই কর্মসূচিতে অংশ নেয়। এ সময় সংগঠনটির সভাপতি প্রকৌশলী শামসুল হক ও গাজীপুর জেলা পরিষদের সদস্য আনিসুর রহমান আরিফ, কলেজ শিক্ষক মোকছেদুর রহমান বক্তব্য রাখেন। গতকাল সকাল ৭টা থেকে সোয়া ৮টা পর্যন্ত এই কর্মসূচি চলাকালে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ও উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন দুদিকে আটকা পড়ে। এ সময় সংগঠনটির সভাপতি প্রকৌশলী শামসুল হক জানান, মাসিক টিকিট পুনরায় চালু করা, জয়দেবপুর ও টঙ্গী জংশনসহ তেজগাঁও স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি, তুরাগ ও টাঙ্গাইল কমিউটার ট্রেনের বগি বৃদ্ধি, ট্রেনের আসন বৃদ্ধি, ডিসেম্বর ২০২২-এর মধ্যে জয়দেবপুর-টঙ্গী ডাবল লাইন এবং গাজীপুর-ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চালু, জয়দেবপুর স্টেশনের উন্নয়ন এবং রেলগেটের সমস্যা দূরীকরণসহ নানা দাবিতে গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে। অবস্থান কর্মসূচির দাবিতে বলা হয়, ৭০ লাখ জনসংখ্যা অধ্যুষিত গাজীপুর মহানগরের প্রাণকেন্দ্রে অবস্থিত জয়দেবপুর স্টেশনের ন্যূনতম উন্নয়ন না হওয়ায়, ৯টি আন্তঃনগর ট্রেনের স্টপেজ না দেয়া এবং টিকিট স্বল্পতার কারণে যাত্রীদের দুর্ভোগ দিন দিন প্রকট হচ্ছে। সমস্যাগুলো সমাধানে দীর্ঘদিন ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা হয়। প্রতিবারই সমাধানের আশ্বাস দেয়া হলেও বাস্তবায়ন না হওয়ায় স্টেশনে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছেন তারা। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এসব সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed