টিভি উপস্থাপিকার বাসায় দুর্বৃত্তদের হানা পাকিস্তানের প্রধানমন্ত্রীর নিন্দা
টিভি উপস্থাপিকা শিফা ইউসাফজাইয়ের বাসায় মঙ্গলবার দিবাগত রাতে সশস্ত্র একদল দুর্বৃত্ত অভিযান চালিয়েছে। এ ঘটনার তদন্ত করছে পুলিশ। শিফা ইউসাফজাইয়ের অভিযোগ তিনি যখন বাসার বাইরে, তখন এই অভিযান চালিয়েছে সশস্ত্র কিছু ব্যক্তি। তারা বাসার দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে।
এরপরই বাসার স্টাফদের কাছে জানতে চায় শিফা কোথায়। এ সময় তারা স্টাফদের প্রহার নির্যাতন করেছে। সঙ্গে সঙ্গে ঘটনা চাউর হয়ে যায় চারদিক। শেষ পর্যন্ত এ ঘটনার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ খবর দিয়েছে অনলাইন ডন।
শিফা ইউসাফজাই মঙ্গলবার রাতেই একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। এতে তিনি বলেন, পিতামাতাকে নিয়ে তিনি যখন বাইরে ছিলেন তখনই এই ঘটনা ঘটানো হয়েছে।
ওদিকে শিফা ইউসাফজাইকে ফোন করেছেন তথ্যমন্ত্রী আওরঙ্গজেব। ঘটনার নিন্দা জানিয়েছেন তিনি। রেডিও পাকিস্তানের তথ্য অনুযায়ী, এ ঘটনায় জড়িতদেরকে বিচারের আওতায় আনা হবে।