August 25, 2026

প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা আইন বাস্তবায়নে ইউএনডিপির আহ্বান

0
gg

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন এবং প্রতিবন্ধিতা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার বাস্তবায়ন নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানিয়েছে ডিজ্যাবিলিটি এল্যায়েন্স অন এসডিজিস বাংলাদেশ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

 

সম্প্রতি ৩১তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী ব্যক্তিদের দিবস উপলক্ষ্যে আয়োজিত ’অন্তর্ভূক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ: প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা’-শীর্ষক সেমিনারে এই আহ্বান জানানো হয়।


প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ বলেন, বাংলাদেশ সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান সরকারই প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন-২০১৩ এবং প্রতিবন্ধীতা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা-২০১৯ প্রণয়ন করেছে। এছাড়াও ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রতিবন্ধীতার বিষয়টি গুরুত্বের সাথে অন্তর্ভূক্ত করা হয়েছে।


তিনি বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জন করতে হলে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন অবশ্যই করতে হবে এবং সরকার তা গুরুত্বের সাথে বিবেচনা করে যাচ্ছে।’

ডিজ্যাবিলিটি এল্যায়েন্স অন এসডিজিস বাংলাদেশ এর আহ্বায়ক ও সাইটসেভার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও বলেন, ’গ্লোবাল ডিজ্যাবিলিটি সামিট ২০২২-এর বাংলাদেশ সরকার ১১টি প্রতিশ্রুতি করে যা একটি ইতিবাচক অগ্রগতি। প্রতিবন্ধিতা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার বাস্তবায়ন নিশ্চিত করা এর মধ্যে অন্যতম প্রতিশ্রুতি। এই লক্ষ্যে সরকারের সাথে উন্নয়ন সহযোগীদের একসাথে প্রতিশ্রুতি সমূহের বাস্তবায়নের জন্য কাজ করা প্রয়োজন।’

সমাপনী বক্তব্যে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মো. কাওসার আহমেদ প্রতিবন্ধী ব্যক্তিদের এবং তাদের সংগঠনসমূহের প্রকৃত প্রয়োজনীতা উপলব্ধি করে দেশের প্রতিবন্ধী ব্যক্তিদের আইনের কার্যকর প্রয়োগ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভূক্তির উপর জোর দেন।
প্রতিবন্ধিতা বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা উল্লেখ করে কাওসার আহমেদ বলেন, সরকার শুধু ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়ই প্রতিবন্ধিতার বিষয়ে জোর দেয় নাই, আগামী পঞ্চবার্ষিকী পরিকল্পনায়ও প্রতিবন্ধিতামূলক অন্তর্ভূক্তি গুরুত্ব পাবে।

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মো. কাওসার আহমেদ এর সভাপতিত্বে সেমিনারে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারি অফিসের জ্যেষ্ঠ মানবাধিকার উপদেষ্টা হুমা খান, ইমপ্যাক্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাস্ট্রি মনসুর আহমেদ চৌধুরী, জাতীয় প্রতিবন্ধী নারী পরিষদের সভাপতি নাসিমা আক্তার, বি-স্ক্যানের নির্বাহী পরিচালক সালমা মাহবুব, সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজ্যাবিলিটি-এর নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম এবং সেন্টার ফর ডিজ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট-এর নির্বাহী পরিচালক এএইচএম নোমান খান অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য রাখেন। তারা প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থ-সামাজিক অবস্থান, অধিকার এবং তাদের সমস্যার বিভিন্ন দিক আলোচনা ও বিশ্লেষণ করেন।

কর্মশালায় মূল প্রবন্ধ যৌথভাবে উপস্থাপন করেন যথাক্রমে ইউএনডিপি-এর আমিনুল আরিফিন এবং সাইটসেভার্স-এর অয়ন দেবনাথ। এছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনের সামাজিক উন্নয়ন বিষয়ক উপদেষ্টা তাহেরা জেবীন এবং অস্ট্রেলিয়ান হাইকমিশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আসিফ কাশেম সহ ডিজ্যাবিলিটি এল্যায়েন্স অন এসডিজিস বাংলাদেশ এর প্রতিনিধিবৃন্দ। সেমিনারে একজন প্রতিবন্ধী ব্যক্তির তথ্য প্রযুক্তির ব্যবহারের উপর একটি প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

ইউএনডিপি এবং ডিজ্যাবিলিটি এল্যায়েন্স অন এসডিজিস বাংলাদেশ, যা ২৭ টি দেশীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *