August 27, 2026

সরকারি ভবনে চীনের তৈরি ক্যামেরা বসানো হবে না জানিয়ে দিয়েছে যুক্তরাজ্য সরকার।

0
index

সরকারি ভবনে নতুন করে আর চীনের তৈরি ক্যামেরা বসানো হবে না বলে সব বিভাগকে জানিয়ে দিয়েছে যুক্তরাজ্য সরকার।

যুক্তরাজ্যের অধিকাংশ সরকারি ভবনে ২টি চীনা কোম্পানির সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। হিকভিশন এবং দাহুয়া। কিন্তু দেশের নিরাপত্তা ও চীনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টির জন্য এবার সিদ্ধান্ত বদলানো হলো।

 

সরকারের তরফ থেকে সব বিভাগকে বলে দেওয়া হয়েছে, তারা যেন আর চীনা কোম্পানির ক্যামেরা না বসায়। এর ফলে গুরুত্বপূর্ণ ভবনগুলোতে নিরাপত্তার ঝুঁকি আছে বলে মনে করা হচ্ছে।

ব্রিটেনের নজরদারি ব্যবস্থার ভবিষ্যৎ ও ঝুঁকি নিয়ে অভ্যন্তরীণ পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

ক্যাবিনেট অফিস মন্ত্রী অলিবার ডাউডেন পার্লামেন্টে একটি প্রশ্নের লিখিত জবাবে বলেছেন, যুক্তরাজ্যের সামনে নিরাপত্তাজনিত কী বিপদ আছে সেটা প্রথমে খতিয়ে দেখা হয়। তারপর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

তিনি জানিয়েছেন, মন্ত্রীরা এখন পুরনো ক্যামেরা বদলে নিতে পারেন, সেগুলো আপগ্রেড করার কোনো দরকার নেই।

 

গত জুলাই মাসে ব্যক্তিগত গোপনীয়তা সংক্রান্ত গোষ্ঠী বিগ ব্রাদার ওয়াচ জানিয়েছিল, ব্রিটিশ সরকার সরকারি ভবনে যে সব নজরদারি ক্যামেরা লাগিয়েছে, তা দুটি চীনা কোম্পানি হিকভিশন ও দাহুয়ার তৈরি।

 

এরপরই ৬৭ জন পার্লামেন্ট সদস্য দুটি চীনা কোম্পানির থেকে ক্যামেরা কেনা বন্ধ করার দাবি তোলেন। এই ২ চীনা কোম্পানি আগে সরকারি ছিল। তারা অবশ্য শিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে এই ব্যবস্থা নিতে বলেন।

ডাউডেন বলেছেন, চীনের আইনানুসারে সরকার এই দুটি সংস্থাকে যাবতীয় তথ্য জানাতে বাধ্য করতে পারে।

হিকভিশন অবশ্য দাবি করেছে, এই সব অভিযোগ পুরোপুরি মিথ্যা। সংস্থার তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, হিকভিশন কোনো তথ্যই তৃতীয় পক্ষকে দিতে পারে না। তাদের কাছে যুক্তরাজ্যের ক্যামেরাগুলোর ডেটা বেস নেই। আর এর কোনো ক্লাউড স্টোরেজও করা হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *