বিশ্বকাপে ম্যাচ হারার কারনে বেলজিয়ামে দাঙ্গা
বিশ্বকাপে মরক্কোর কাছে ২-০ গোলে বেলজিয়াম হেরে যাওয়ার পর দেশটির রাজধানী ব্রাসেলসে দাঙ্গা বেঁধেছে। পুলিশ ব্রাসেলসের কেন্দ্রীয় এলাকায় দাঙ্গাবাজদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করেছে। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেলও ছুড়েছে পুলিশ। কিছু এলাকায় যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে।
মরক্কোর কাছে হারের পর ক্ষুব্ধ লোকজন ব্রাসেলসে গাড়ি জ্বালিয়ে দেন। ইট ছুড়ে গাড়ি ভাঙচুর করেন। পুলিশের মুখপাত্র ইলসে ভ্যান ডি কিরি বলেছেন, লাঠি হাতে নিয়ে অনেকেই রাস্তায় নেমে আসেন। এ সময় একজন সাংবাদিক আহত হয়েছেন।
ব্রাসেলসের মেয়র ফিলিপ ক্লোজ ব্রাসেলসের সিটি সেন্টার থেকে লোকজনকে দূরে থাকতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে কর্তৃপক্ষ কাজ করছে।
