August 4, 2026

অর্থনৈতিক অঞ্চলে সিঙ্গাপুরের ব্যবসায়ী সংগঠন বিনিয়োগে আগ্রহী

0
ort

বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বা একক ভিত্তিতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর থেকে আগত ব্যবসায়ী সম্প্রদায়ের শীর্ষ সংগঠন সিঙ্গাপুর বিজনেস ফেডারেশন অ্যান্ড এন্টারপ্রাইজ, সিঙ্গাপুর।

সোমবার (১৪ নভেম্বর) বেজার সভাকক্ষে বাংলাদেশে বিনিয়োগ যাচাই এবং আলোচনার জন্য আসা সংগঠনটির সঙ্গে বৈঠক করে বেজা। এ সময় অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগে আগ্রহের কথা জানান সিঙ্গাপুরের ব্যবসায়ীরা।

বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেল লো প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। সভায় সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ার‌ম্যান শেখ ইউসুফ হারুন। সভায় বেজার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের নির্বাহী পরিচালক মি. সো ওয়েই চেন, এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের আঞ্চলিক পরিচালক মিস. সাবরিনা হো, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের সভাপতি মোহাম্মদ শহীদুজ্জামানসহ অন্য প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

প্রতিনিধিদল এ সময় কর অবকাশ, বিনিয়োগের প্রকৃতি এবং এর সঙ্গে সম্পর্কিত ব্যয় সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। তারা পর্যটন খাত, একক বিনিয়োগ এবং গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভিত্তিতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

ডেরেল লো বাংলাদেশ ও সিঙ্গাপুরের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, দুদেশের অর্থনৈতিক বন্ধনকে আরও দৃঢ় করতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

সিঙ্গাপুর এবং সেদেশের বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো এ লক্ষ্যে সমন্বিতভাবে নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিঙ্গাপুর সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রয়োজনীয় বিনিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে সিঙ্গাপুরের ব্যবসায়ী সংগঠনগুলোকে আহ্বান জানিয়েছিলেন।

বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, প্রতিবছর অতিরিক্ত ৪০ বিলিয়ন মার্কিন ডলার সমমানের পণ্য উৎপাদন/রফতানি আয় প্রত্যাশা নিয়ে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কার্যক্রম প্রধানমন্ত্রীর নির্দেশে বাস্তবায়ন করা হচ্ছে।

সিঙ্গাপুরের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে এখন বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে।

তিনি বলেন, বেজা বিনিয়োগ উন্নয়নের জন্য নিরলস কাজ করছে এবং সেবাদানকারী সংস্থাগুলোর সব সেবা একটি জানালা থেকে দেয়ার সুবিধা বা ওয়ানস্টপ সার্ভিস সেন্টার চালু করেছে।

তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের উন্নয়ন কার্যক্রমের বিষয়ে উল্লেখ করে বলেন, সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়ে স্বয়ংসম্পূর্ণ শিল্পাঞ্চল তৈরির কাজ পূর্ণ গতিতে এগিয়ে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *