মাদক, প্লাস্টিক প্রতিরোধে জবি শিক্ষার্থীর ১১০ কি.মি. পরিভ্রমণ
জবি প্রতিনিধি :
সমাজকে মাদক ও প্লাস্টিক মুক্ত করতে সমুদ্র উপকূলে ১১০ কিলোমিটার পরিভ্রমণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ইয়াছির আরাফাত সবুজ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
‘সে নো প্লাস্টিক অ্যান্ড ড্রাগ, টু গেট অওয়ার গ্লোব গ্লিন লেটস গো গ্রিন’ এই স্লোগানকে সামনে রেখে মেরিন ড্রাইভসহ মোট ১১০ কিলোমিটার পথ ভ্রমণ করেছেন তিনি। হাইকিং ফোর্স বাংলাদেশের আয়োজনে গত শুক্রবার চট্টগ্রামের শাহপীর দ্বীপ থেকে শুরু করা অভিযানটি সোমবার দুপুরে শেষ হয়।
মাদক ও প্লাস্টিক প্রতিরোধবিষয়ক এ অভিযান নিয়ে সবুজ বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক এবং মানবদেহের জন্য ক্ষতিকর মাদক নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরির জন্য এতে অংশ নেই। সমুদ্র উপকূলীয় এই অঞ্চলটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। প্রায় সারাবছর অসংখ্য পর্যটক এখানে ভিড় করেন সমুদ্র দেখার জন্য। কিন্তু সবাই অসচেতনভাবে যেখানে সেখানে প্লাস্টিক ফেলে এই প্রাকৃতিক পরিবেশ নষ্ট করে ফেলছেন।
তিনি বলেন, ’মেরিন ড্রাইভ দিয়ে আসার সময় রাস্তার দুইপাশে শুধু প্লাস্টিক পড়ে থাকতে দেখি, যা আমাদের পরিবেশ জন্য মারাত্মক হুমকি। একই সঙ্গে আমি মানুষকে মাদক থেকে দূরে থাকার জন্য সচেতনতা তৈরি করার চেষ্টা করেছি।’
পরিভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘ভ্রমণের অন্যতম একটি উদ্দেশ্য ছিল- সমুদ্র উপকূলের সাধারণ মানুষের জীবনযাত্রা ও তাদের আচার-আচরণ সম্পর্কে প্রত্যক্ষভাবে জ্ঞান অর্জন করা। আমার মনে হয় আমি সেটা পেরেছি ।’