September 2, 2026

রাজশাহীতে বিদেশি পিস্তলসহ ৩ যুবক গ্রেফতার

0
received_513892913144761

 

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ২৭ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায়, একটি বদ্ধ রুমের ভেতরে দুইজন ব্যক্তি অস্ত্র নাড়াচাড়া করছেন এবং পরে তার পাশে থাকা আরেক ব্যক্তির হাতে অস্ত্রটি তুলে দিচ্ছেন।

ভাইরাল ওই ভিডিওর সূত্র ধরে বিদেশি পিস্তলসহ তিনজনকে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। রোববার (২৭ জুন) শহরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-নগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকার মাহাতাব আলীর ছেলে সেলিম মুর্শেদ শাফিন (৪০), একই এলাকার জামাল উদ্দিনের ছেলে রানা হোসেন (৩২) ও গোদাগাড়ী থানার বিজয়নগর মোড় এলাকার রবিউল ইসলামের ছেলে পিটার হোসেন (২৮)।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও আরএমপির নগর মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নগরীর সাগরপাড়া এলাকা থেকে বিকেল সোয়া ৪টার দিকে সেলিম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যার দিকে নগরীর বর্ণালীর মোড় থেকে রানা নামের আরেক যুবককে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থেকে ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তুল উদ্ধার হয়। সেলিম ও রানাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পিটার নামের আরেক যুবকের তথ্য দেন। পরবর্তীতে পিটারকেও গোদাগাড়ী উপজেলার বিজয়নগর মোড় থেকে রাত সাড়ে ৮টার দিকে গ্রেফতার করে গোদাগাড়ী থানার পুলিশ।

নগর মুখপাত্র রুহুল কুদ্দুস জানান, ভাইরাল হওয়া ভিডিওটি করেছিলেন নিলয় (২২) নামের এক যুবক। গোপনে মোবাইলে ভিডিও ধারণ করে পরে তা ফেসবুকে প্রচার করেছে। নিলয় পলাতক রয়েছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, গ্রেফতার তিন আসামির বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। আজ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিকেল ৪টার দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *