সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজারহাটে মানববন্ধন
রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও দীর্ঘ সময় আটকে রেখে সাজানো মামলায় জড়ানোর প্রতিবাদ জানিয়েছে দেশের বিভিন্ন জেলায় কর্মরত সাংবাদিকেরা। আজ মঙ্গলবার প্রতিবাদ সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।
কর্মসূচিতে অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। এ ছাড়া রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান ও পেশাগত দায়িত্বপালনে সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।
প্রতিবাদ কর্মসূচিতে সমাবেশে উপস্থিত ছিলেন,
রাজারহাট প্রেসক্লাবের সভাপতি সরকার অরুণ যদু সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রেজাউল হক সহ প্রেসক্লাবের সকল সদস্য মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, প্রশাসনযন্ত্রের সর্বোচ্চ স্থান হলো সচিবালয়। সেখানে একজন জ্যেষ্ঠ নারী সাংবাদিককে যেভাবে হেনস্তা করা হয়েছে, তা নজিরবিহীন ও ন্যক্কারজনক। প্রশাসনের গুটিকয়েক দুর্নীতিবাজের মুখোশ উন্মোচন করে রোজিনা ইসলাম যে হেনস্তার শিকার হয়েছেন, তাতে তাঁর তৈরি করা অনুসন্ধানী প্রতিবেদনগুলো যে সঠিক ছিল, সেটিই প্রমাণিত হয়েছে। তাঁরা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সেই দুর্নীতির খবর প্রকাশ করে সাংবাদিক রোজিনা এ দেশের জনগণের উপকার করেছেন। সচিবালয়ের মতো একটি জায়গায় একজন সাংবাদিকের সঙ্গে এমন ব্যবহারের কারণে এ দেশের মানুষ উদ্বিগ্ন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই চিত্রই দেখা যাচ্ছে। রোজিনার মুক্তির দাবি শুধু সাংবাদিকদের দাবি নয়, গণমানুষের দাবি হয়ে দাঁড়িয়েছে। গণমানুষের দাবি কখনো বৃথা যায় না।