September 1, 2026

রাজশাহী থেকে চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন

0
received_803068723981854

 

রাজশাহী প্রতিনিধিঃ

গত বছরের মতন এবারো রাজশাহী থেকে ২৫ মে চালু হতে যাচ্ছে ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেন। রেল কর্তৃপক্ষ জানান, এবার আমের সাথে যাবে শাক-সবজি সহ অন্যান্য ফলমূল।

আজ সোমবার (১৭ মে) দুপুর ১ টায় রাজশাহী রেলওয়ে স্টেশনের সম্মেলন কেন্দ্রে ‘মাংগো স্পেশাল’ ট্রেন সম্পর্কিত একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চলতি মৌসুমে ঢাকায় আম প্রেরণের বিষয়ে সভায় রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, ‘গত বারের মতন এবারো রাজশাহী অঞ্চল থেকে ঢাকায় খুব অল্প সময়ে আম পৌঁছে দেওয়ার জন্য চলতি মাসের ২৫ মে এর দিকে ‘মাংগো স্পেশাল’ ট্রেন চালু করা হতে যাচ্ছে। এক্ষেত্রে ৫ টি ওয়াগনে যাবে রাজশাহী অঞ্চলের আম। প্রতি বগির ক্যারিং ক্যাপাসিটি ৪৩ মেট্রিক টন হলেও আম বহন করা হবে ৩০ মে. টন।’

কারণ হিসেবে তিনি বলছেন, ‘কাঁচা বা আধাপাকা আম যেনো গরম ও অতিরিক্ত চাপে নষ্ট না হয়ে যায় সে কারণে ধারণ ক্ষমতার কিছু কম পণ্য বহন করা হবে। ট্রেনটি চাঁপাই নবাবগঞ্জ থেকে বিকেল সাড়ে ৪ টার দিকে ছাড়বে এবং ঢাকায় রাতে ২ টার দিকে পৌছে যাবে। এক্ষেত্রে খুব অল্প সময়ের মধ্যে ঢাকার বাজার গুলোতে তরজাতা সতেজ আম পৌঁছানো সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। এছাড়াও সড়ক পথে যানজট ও উচুনিচু জায়গা না থাকায় আমেরও কোনো প্রকার ক্ষতির সম্ভবনা নেই।’

তিনি আরও জানান, গত বারের মতন এবারো প্রতি কেজি আমের পরিবহন মূল্য ১.১৭ পয়সা ধরা হয়েছে । এছাড়াও ক্যারেট প্রতি লেবার খরচ ধরা হয়েছে ১০ টাকা। এটি নির্ধারিত। কোনো শ্রমিক বেশী নিলে বা কেউ অভিযোগ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এবার রেলওয়ের প্রত্যেকটি লেবারকে নির্ধারিত লাল রংয়ের পোশাকও দেওয়া হয়েছে।

একজন কতটুকু পরিমাণ আম রপ্তানি করতে পারবেন বা কোন কোন এলাকায় কতটুকু আম ব্যবসায়ীরা পাঠাতে পারবেন বলে জানতে চাইলে বাণিজ্যিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, ‘১৫০ মেট্রিক টন আম যদি কেউ একাই পাঠাতে চাই তাহলে সেটাই আমরা পাঠাবো। আবার কেউ চাইলে ২-৫ মণ আমও ঢাকায় প্রেরণ করতে পারবেন। এক্ষেত্রে নির্দিষ্ট কোনো এলাকা ভাগ করা নেই। ওয়াগন ফাঁকা থাকলেই আমরা পণ্য নিবো।’

রেল সূত্রে জানা গেছে, গত বছর জুন-জুলাইয়ে মোট ৮৫৭ মেট্রিক টন আম মাংগো স্পেশালে প্রেরণ করা হয়েছিলো। এতে আয় হয়েছে ৯ লাখ ২৯ হাজার ৮৬৯ টাকা। তবে এবার ঢাকা ছাড়াও খুলনা ও চট্টগ্রামের দিকে চাহিদা অনুযায়ী আম প্রেরণ করা হবে। সেক্ষেত্রে ডেডিকেটেড ট্রেনে এসব পণ্য পাঠানো হবে।
রেল সূত্র আরও জানায়, এবার শুধু আমই নয়, আমের সাথে শাক-সবজি ও অন্যান্য ফল-ফলাদিও রাজশাহী অঞ্চলজুড়ে মাংগো স্পেশাল ট্রেনে প্রেরণ করা হবে। তবে এটি আমের মৌসুম পর্যন্ত এই কার্যক্রম চলবে। এক্ষেত্রে রাজশাহীর ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করা হবে।’

এসময় উপস্থিত ছিলেন- ডেপুটি চিফ কর্মাশিয়াল ম্যানেজার গৌতম কুমার কুন্ডু, সহকারী চিফ কমার্শিয়াল ম্যানেজার শেখ আব্দুল জব্বার, স্টেশন ম্যানেজার মো. আব্দুল করিমসহ প্রমূখ রেলওয়ে কর্মকর্তা।

উল্লেখ্য, মাংগো স্পেশাল ট্রেন চালুর বিষয়ে প্রতিটি স্টেশনেই মাইকিং এর মাধ্যমে চলছে প্রচারণা করছে রেল কর্তৃপক্ষ। কারণ এবার প্রতিটি স্টেশন থেকেই আম সহ অন্যান্য ফলমূল ও শাকসবজি ঢাকায় সরবরাহ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *