গফরগাঁওয়ে ব্যাংক কাউন্টার থেকে টাকা ছিনতাই
ময়মনসিংহ প্রতিনিধি রিপন সারওয়ার
ব্যাংক থেকে টাকা তুলে ব্যাংকের কাউন্টারের সামনে দাড়িয়ে টাকা গুনছিলেন গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামের আব্দুল মমিন (৫৫)। হঠাৎ করে এক যুবক এসে তার টাকা ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়।
সাথে সাথই ব্যাংকের নিরাপত্তা কর্মী এখলাছ উদ্দিন ছিনতাইকারী পিছনে ধাওয়া করে স্থানীয় লোক জনের সহায়তায় ছিনতাইকারীকে আটক করে ব্যাংকে নিয়ে আসে। পরে খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ব্যাংক থেকে ছিনতাইকারীকে থানায় নিয়ে আসে।
গফরগাঁও সদরের মধ্যবাজারে অবস্থিত অগ্রণী ব্যাংকে রোববার ভরদুপুরে এ ঘটনা ঘটে।
আটক ছিনতাইকারীর নাম নাজমুল (৩০)। সে নরসিংদী জেলার রায়পুর উপজেলার শাহীন মিয়ার ছেলে।
অগ্রণী ব্যাংক গফরগাঁও শাখার ম্যানেজার সিনিয়র পিন্সিপাল অফিসার সারোয়ার হোসেন তালুকদার জানান, রোববার দুপুরে আব্দুল মমিন নামে এক গ্রাহক সাড়ে ৮ হাজার টাকা উত্তোলন করে কাউন্টারের সামনে দাড়িয়ে টাকা গুনছিলেন। এ সময় আচমকা ওই ছিনতাইকারী টাকা ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। তখন ব্যাংকের নিরাপত্তাকর্মী এখলাছ উদ্দিন ছিনতাইকারীর পিছনে দৌড়াতে থাকে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করে ব্যাংকে নিয়ে আসলে আমরা ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করি।