জবি প্রতিনিধিঃ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে ‘পোস্ট কোভিড-১৯: নিউ ওয়ার্ল্ড অর্ডার, এনভাইরোমেন্ট, এন্ড ডেভোলপমেন্ট’ শীর্ষক ভার্চ্যুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এ বছর পরিবেশ দিবসের It’s Time for Nature স্লোগানের সঙ্গে করোনার বিষয়টি অর্ন্তভুক্ত করে এবারের সেমিনারের বিষয়বস্তু নির্ধারণ করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক ড. মীজানুর রহমান।
সেমিনারে ‘টাইম ফর ন্যাচার উইথ ভাইরাস’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এস দারা শামসুদ্দীন। প্রবন্ধে তিনি বলেন, আমরা মানুষ প্রকৃতির ছোট একটা পার্ট যারা ইকোলজিক্যাল পিরামিডের উপর বসে আছি। এই ধরিত্রীর জীববৈচিত্রের আমাদের মাধ্যমেই সবচেয়ে ক্ষতি সাধন হচ্ছে। প্রকৃতির উপর আমাদের র্নিভরতা বা অত্যাচার না কমালে মহামারীসহ এরূপ সমস্যা আরও আসবে। তবে এখন এই লকডাউনে কিছুটা পুষিয়ে নিচ্ছে। যদিও প্রকৃতিকে সময় দিলে সে নিজেই ঠিক করে নেয়। পোস্ট কোভিড-১৯ সিচুয়েশনে আমাদের ভবিষ্যত প্রজন্মকে পরিবেশ বান্ধব প্রজন্ম হিসেবে গড়ে তুলতে হবে।
সেমিনারে বিশেষ বক্তা হিসেবে ‘পোস্ট কোভিড-১৯: নিউ ওয়ার্ল্ড অর্ডার’ বিষয়ে বক্তব্য রাখেন, দিল্লী বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইকোনোমিক্সের অধীন ভূগোল বিভাগের অধ্যাপক ড. অঞ্জন সেন। করোনা পরবর্তী বিশ্বব্যবস্থাপনা নিয়ে দিকনির্দেশনামূলক সমীক্ষা উপস্থাপন করে তিনি বলেন, করোনা পরবর্তীতে বিশ্বব্যবস্থাপনা পাওয়ার অব ব্যালেন্স শিফট হবে। তা পশ্চিম থেকে র্পূব দিকে স্থানাস্তরিত হবে। পাশাপাশি দ্বন্দ্ব-সংঘাতও বাড়বে।
প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, কোভিড-১৯ পরবর্তী পৃথিবীতে মানবজাতিকে আরো সহনশীলভাবে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে। আমাদের অর্থনীতি টিকিয়ে রাখবে অভ্যন্তরীন বাজারে সক্রিয় বাংলাদেশের মধ্যবিত্ত প্রায় ৬ কোটি মানুষ, যা অনেক দেশের মোট লোক সংখ্যার চেয়ে বেশি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মাদ আব্দুল কাদেরের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন একই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান। আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন ইউএনডিপির অ্যাসিস্টেন্ট কান্ট্রি ডিরেক্টর খোরশেদ আলম এবং বাংলাদেশ ভূগোল সোসাইটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. হাফিজা খাতুন প্রমুখ।
Leave a Reply