কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (৩১ মে) রাত সোয়া ৯ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৪৫ এর সাব পিলার ১ এসের পাশে এ ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৫ ব্যাটালিয়ন লালমনিরহাটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম তৌহিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।আহত ব্যক্তি উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর বালাবাড়ী গ্রামের আব্দুস ছালামের ছেলে সাইফুল ইসলাম (৪০)। তার বিরুদ্ধে মাদক চোরাকারবারের অভিযোগ রয়েছে বলে জানায় বিজিবি।
সীমান্তবাসী সুত্রে জানা গেছে, রবিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার কাশিপুর সীমান্তের আন্তজাতিক মেইন পিলার ৯৪৫ এর সাব পিলার ১ এসের পাশ দিয়ে ৮/১০ জন বাংলাদেশি মাদক চোরাচালান করতে গেলে কাঁটাতারের বাহিরে টহলরত ভারতীয় ঝিঁগরী ক্যাম্পের ১৯২ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় সাইফুল ইলামের ডান হাতের কব্জি গুলিবিদ্ধ হয়। পরে তার সহযোগীরা তাকে উদ্ধার করে নিয়ে আসে এবং রাতেই তাকে রংপুরের কোনও এক হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে।
বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম তৌহিদুল আলম জানান, এ ঘটনায় সোমবার সকালে বিজিবি ও বিএসএফ’র মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় বিজিবি’র পক্ষ থেকে বিএসএফকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। সেই সাথে লিখিত প্রতিবাদ পাঠানোর পাশাপাশি ওই সীমান্তে বিজিবির টহল জোড়দার করা হয়েছে।
Leave a Reply