লিভার জনিত রোগে আক্রান্ত জবি শিক্ষার্থীর মৃত্যু
জবি প্রতিনিধিঃ
লিভার জনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মৃত শিক্ষার্থীর নাম দীপাবলি শিল ঝিনুক। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন ঝিনুক।প্রথমে রাজধানীর একটি হাসপাতালে তার চিকিৎসা করানো হয়। অবস্থার উন্নতি হলে সেখান থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু সম্প্রতি আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (শুক্রবার) মৃত্যুবরণ করেন তিনি। তার গ্রামের বাড়ি নাটোরের লালবাজারে।
চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বজলুর রশিদ বলেন, সপ্তম ব্যাচের একজন শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি।
সে লিভার জনিত রোগে আক্রান্ত ছিলো৷ তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।