রংপুর জেলা(প্রতিনিধি)আঃরাজ্জাক
রংপুরের মিঠাপুকুরে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন এক কৃষকের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। তাদের হামলায় ৭ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার থানায় একটি অভিযোগ দিয়েছেন ওই কৃষক।
ক্ষতিগ্রস্থ্য কৃষকের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার লতিবপুর ইউনিয়নের নিঝাল গ্রামের কৃষক মোফাজ্জল হোসেনের একটি ছাগল গত বুধবার বিকেলে পাশের জমিতে ঘাস খাচ্ছিল। এ নিয়ে জমির মালিক জারুল্লাবাজ গ্রামের মুনছুর আলীর সাথে বাকবিতন্ডা হয়।
এক পর্যায়ে মুনছুর আলীর লোকজন দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে কৃষক মোফাজ্জল হোসেনের বসত বাড়িতে হামলা করে ব্যাপক ভাংচুর চালায়। এসময় বাধা দেওয়ায় বাড়ির লোকজনকে বেধড়ক মারধর করে হামলাকারীরা। এতে, ৭ জন আহত হয়েছেন।আহতদের মধ্যে কৃষক মোফাজ্জল হোসেন (৭০), স্ত্রী দেলোয়ারা বেগম (৬০), ছেলে টিটুল মিয়া (৪০), বাদল মিয়া (৩০), ভগ্নি মর্জিনা বেগম (৪২)কে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় মোফাজ্জল হোসেন মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply