নাগেশ্বরীতে মেয়াদোত্তীর্ণ ত্রাণের লবণ খেয়ে অসুস্থতার ঘটনা
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ত্রাণের দেয়া মেয়াদোত্তীর্ণ তেল ও লবণ খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। ঘটনাটি ঘটেছে জেলার নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নে। ত্রাণ বিতরণ করেন-নুন খাওয়া ইউপি চেয়ারম্যান মোঃ সাহাবুল ইসলাম। জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি অত্র ইউনিয়নের দু’শতাধিক ব্যবসায়ীকে এই ত্রাণ দেয়া হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, তেল ও লবণ। এসব তেল ও লবণ খেয়ে অসুস্থ শ্রী দানব চন্দ্র ও তার পরিবার সহ আরো অনেকে। পরে এলাকাবাসী সাংবাদিকদের খবর দেয়। সরেজমিনে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায়। শতাধিক লবণের প্যাকেটে উৎপাদন তারিখছিল-২০-০৭-২০১৬ইং এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ ১৯-০৭-২০১৮ইং লেখা দেখতে পাওয়া যায়। এলাকার দানব চন্দ্র, রতন ব্যাপারী, সুজন আলী জানান, করোনা পরিস্থিতিতে সরকার ত্রাণ সামগ্রী বিতরণের নির্দেশ দিলেও চেয়ারম্যান সাহাবুল ইসলাম আমাদেরকে দিয়েছেন নিম্নমানের চাল এবং মেয়াদোত্তীর্ণ তেল ও লবণ। যা খেয়ে আমরা সবাই অসুস্থ। আমরা এর বিচার চাই। এই ত্রাণ সামগ্রী খেয়ে বাঁচা তো দূরের কথা আমরা এলাকাবাসী পেটের পীড়ায় ভুগছি। এলাকাবাসীর অভিযোগ ইউএনও মহোদয়কে মৌখিক অভিযোগ দিলেও তিনি তা তোয়াক্কা করেননি।এ ব্যাপারে নুনখাওয়া ইউপি চেয়ারম্যান মোঃ সাহাবুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, এটি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি কোনো মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী দেই নাই। নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুম জানান, আমাকে কেউ অভিযোগ করেনি। এছাড়া ত্রাণ বিতরণের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।