তিন মাসের বাড়ি ভাড়া মওকুফের দাবি ভাড়াটিয়াদের অবস্থান ধর্মঘট
নিজস্ব প্রতিনিধিঃ
দেশে চলমান করোনাভাইরাসজনিত সংকটময় পরিস্থিতিতে তিন মাসের বাড়ি ও দোকান ভাড়াসহ অন্যান্য বিল মওকুফের দাবিতে অবস্থান ধর্মঘট করেছে ভাড়াটিয়া পরিষদ।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান ধর্মঘট করা হয়। এ সময় এপ্রিল, মে, জুন মাসের ভাড়াসহ বিদ্যুৎ, পানি, গ্যাস ও ট্যাক্স মওকুফের জন্য প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশের জোর দাবি জানান বক্তারা।
অবস্থান ধর্মঘটে বক্তারা বলেন, বিশ্বব্যাপী করোনার মহামারি অবস্থা চলছে। বাংলাদেশের অবস্থাও নাজুক। এই অবস্থায় ভাড়াটিয়ারা এক দুর্বিষহ জীবনযাপন করছে। এর মধ্যে বাড়ির মালিকরা ভাড়াটিয়াদের বাড়ি ও দোকান ভাড়ার জন্য চাপ দিয়ে নানা হয়রানি করছে এবং বাড়ি ছেড়ে দেয়ার হুমকিও দিচ্ছে। এটি অমানবিক।
বক্তারা আরো বলেন, করোনার কারণে লকডাউন হওয়ায় মানুষ কোনো ধরনের কাজকর্ম করতে পারছে না। বাইরে যেতেও পারছে না। এ অবস্থায় রাজধানীসহ সারাদেশে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। শ্রমিকরা আজ কর্মহীন হয়ে পড়েছে।
অবস্থান ধর্মঘট আয়োজক সংগঠনের সভাপতি মো বাহারানে সুলতান বাহার এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর সভাপতি মোঃ আবুল হোসেন‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন,আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক জান্নাত ফাতেমা মোহাম্মদ মোস্তফা, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের নেতা মোঃ শহিদুল ইসলাম তালুকদার মো: জুয়েল রানাপ্রমুখ।