” করোনা উপসর্গ নিয়ে বিলাইছড়িতে এলজিইডি প্রকৌশলীর মৃত্যু”
(শাহ্ আলম,জেলা প্রতিনিধি)
বিলাইছড়িতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ের উপজেলা প্রকৌশলী আনোয়ারুল ইসলাম করোনা উপসর্গ জ্বর ও কাশিতে ভুগে মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, রোববার সকাল দশটার দিকে তিনি হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে বিলাই ছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উনার অবস্থার অবনতি হওয়ায় রাঙামাটি জেনারেল হাসপাতালে রেফার করা হয়। পরে অবস্থার আরো অবনতি হলে তাকে চমেক নেওয়া হয়। রোববার সারারাত চেষ্টা করেও কোন আইসিইউ না মেলায় ভোরে তাকে মুমূর্ষ অবস্থায় ঢাকায় নেয়া হয়। পরে সকালে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে তিনি মারা যান।
বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানিয়েছেন, আনোয়ারুল ইসলাম কয়েক মাস আগে বিলাইছড়িতে যোগদান করেছেন। করোনার প্রাদুর্ভাবের কারণে সরকারের সাধারণ ছুটি ঘোষণার পর থেকে তিনি বিলাইছড়ির বাহিরে কোথাও যাননি। দিনের বেলা অফিস শেষে ডরমেটরিতেই থাকতেন। তিনি গত ১৫ দিন ধরে কাশিতে ভুগ ছিলেন। এজন্য তিনি ডাক্তারের পরামর্শে ওষুধ নিয়েছেন, তবুও কাশি ভালো হয়নি। মারা যাওয়ার দুইদিন আগে থেকে জ্বরে ভুগেন।
প্রকৌশলী আনোয়ারুল ইসলামের ছোট ভাই ও এলজিইডির কনসালটেন্ট মো. আলাউদ্দিন জানান, সোমবার সকাল দশটার দিকে আমার ভাই মিরপুরের রিজেন্ট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পর তার করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি বিলাইছড়িতে মার্চের ২৩/২৪ তারিখের দিকে যোগদান করেছিলেন।