লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিশ্বকাপের ২২তম আসরের প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের ৬৯ মিনিটের মধ্যেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে ক্রোয়েশিয়া। নিজের শেষ বিশ্বকাপ খেলা মদ্রিচ ব্যর্থ হয়ে ৮১ মিনিটে মাঠ ছাড়েন। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগে বিশ্বকাপের প্রতিযোগিতায় এটিই তার শেষ ম্যাচ।
হতাশা নিয়ে মাঠ ছাড়ার সময় তাকে জড়িয়ে ধরেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। ক্রোয়াট তারকাকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করেন তিনি। মদ্রিচের প্রতি এত ভালোবাসা দেখানোর পেছনে অবশ্য অন্য কারণও আছে। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে এ দুজন খেলেছিলেন কাঁধে কাঁধ মিলিয়ে। তাই পুরনো সতীর্থের এমন বিদায়ে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেন ডি মারিয়া।
ক্রোয়েশিয়ার বিপক্ষে অবশ্য মাঠে নামেননি ডি মারিয়া। ইনজুরির ধকল থাকায় এবং ম্যাচে এগিয়ে থাকায় তাকে নামানোর ঝুঁকি নেননি কোচ স্ক্যালোনি।
এদিকে টানেলের মধ্যদিয়ে মদ্রিচরা যখন ড্রেসিংরুমের দিকে যাচ্ছিলেন তখন তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন আরেক আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। ২০০৬ সালে জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে গত বছর অবসরে যান আগুয়েরো।
এদিকে এ নিয়ে চতুর্থবারের মতো ক্রোয়েশিয়ার জার্সি গায়ে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ দ্যুতি ছড়িয়েছেন মদ্রিচ। ৩৭ বছর বয়সেও মাঝমাঠে দারুণ নৈপুণ্য দেখিয়ে দলকে তুলেছেন সেমিফাইনালের মঞ্চে। তবে দেশকে প্রথম বিশ্বকাপ জেতানোর স্বপ্ন তার অপূর্ণই থেকে গেল। এর আগে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ৪-২ গোলে হেরেছিল ক্রোয়েশিয়া।
Leave a Reply