বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের ছবি টুইট করলো ফিফা
এবার বাংলাদেশের ব্রাজিল-সমর্থকদের বাঁধভাঙা উল্লাসের ছবি টুইট করলো বিশ্ব ফুটবল সংস্থা-ফিফা। সোমবার ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচটি দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় দেখেন হাজার হাজার মানুষ। স্বাভাবিকভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও বড় পর্দার সামনে জড়ো হয়েছিলেন হাজারো দর্শক। সমর্থকদের জমায়েত হওয়ার এমন কয়েকটি ছবি পোস্ট করে ফিফা লিখেছে, ‘ফুটবলের মতো অন্য কিছু মানুষকে এত একত্র করতে পারে না।’ এর আগে আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচে বাংলাদেশি দর্শকদের লিওনেল মেসির গোল উদ্যাপনের একটি ভিডিও টুইট করেছিল ফিফা। বিশ্ব ফুটবল সংস্থার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে ঢাকার এক প্রাইভেট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি ভিডিও পোস্ট করে লেখা হয়েছিল, ‘এটাই ফুটবলের শক্তি। বাংলাদেশের আর্জেন্টিনা-সমর্থকেরা এভাবেই লিওনেল মেসির গোল উদ্যাপন করছেন।’
সাধারণত প্রিয় দলের খেলা দেখতে প্রতি রাতেই উৎসবের আমেজে পূর্ণ থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। জার্সি গায়ে, পতাকা হাতে প্রিয় দলের খেলা দেখতে আসেন সমর্থকেরা। অনেকে সঙ্গে নিয়ে আসেন ভুভুজেলা বাঁশি। সন্ধ্যা হতেই টিএসসি, হাজি মুহম্মদ মুহসীন হলের খেলার মাঠসহ অন্য জায়গা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। বিশেষ করে আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের ম্যাচে।
সোমবার ৮৩তম মিনিটে কাসেমিরোর করা একমাত্র গোলে সুইজারাল্যান্ডকে হারায় ব্রাজিল। টানা দুই জয়ে নকআউট পর্বে খেলাও নিশ্চিত করেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেছে আর্জেন্টিনা। তবে দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে হারিয়ে নিজেদের সম্ভাবনা ধরে রেখেছেন মেসিরা। শেষ ম্যাচে পোল্যান্ডকে হারাতে পারলেই মিলবে দ্বিতীয় রাউন্ডের টিকিট। ড্র করলেও সুযোগ থাকবে মেসিদের। তবে সে ক্ষেত্রে পড়তে হবে সমীকরণের মারপ্যাঁচে। বার্সেলোনার তুখোড় ফর্মের স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কির সঙ্গে জমবে বার্সার সাবেক তারকা লিওনেল মেসির এ দ্বৈরথ।