দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে জীবন দিতেও প্রস্তুত : মন্টু
গণতন্ত্র পুনরুদ্ধারে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গণফোরামের নেতাকর্মীরা প্রয়োজনে রাজপথে আত্মাহুতি দিতেও প্রস্তুত বলে জানিয়েছেন দলটির একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু।
শনিবার সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণফোরাম ঢাকা মহানগর উত্তরের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
উদ্বোধনী বক্তব্যে গণফোরামের একাংশের নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ বলেন, জাতিকে ঐক্যবদ্ধ করার মাধ্যমেই আমাদের দেশ স্বাধীন হয়েছে। কোনো দেশে মৌলিক বিষয়ে যদি আমরা ঐকমত্যে না থাকি, জাতি এগিয়ে যেতে পারে না। মুক্তিযুদ্ধ কী বলেছে? বলেছে ধনী-গরিবের বৈষম্য থাকবে না, মানুষের সুযোগের সমতা থাকবে। আজকে সবাই কি সুযোগের সমতা পাচ্ছে? এই সরকার মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না বলেই আজকে সমাজ-রাষ্ট্র-দেশে বৈষম্যের পাহাড় তৈরি হয়েছে। আজকে ২০% লোকের হাতে দেশের ৮০% সম্পদ। এখন জনগণকে জাগ্রত করতে হবে।
ক্ষমতাসীনদের সমালোচনা করে প্রধান বক্তার বক্তব্যে দলটির সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, এই সরকার দেশে একটা নির্বাচন নির্বাচন খেলা শুরু করেছে। নির্বাচন হবে কী হবে না- তারই কোনো পরিবেশ নেই। কেউই মনে করে না- বাংলাদেশে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে বা কোনো দিনই হবে। বিগত বছরগুলোতে এই সরকার নির্বাচনের নামে তামাশা করেছে। অতএব তারা ফেল করেছে- শুধু ফেলই করেনি, তারা নিচে নেমে গেছে। নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে।
ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক এম এ কাদেরের (মার্শাল) সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- গণফোরামের একাংশের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট একেএম জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মহিউদ্দিন আব্দুল কাদের, সভাপতি পরিষদ সদস্য মেজর (অব.) আসাদুজ্জামান বীর প্রতীক, আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান, বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) মহাসচিব আব্দুল কাদের, গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলীনূর খান বাবুল, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক ও ঢাকা জেলা গণফোরামের সভাপতি আব্দুল হামিদ মিয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান বুলু প্রমুখ।
সম্মেলনে এম এ কাদের (মার্শাল)-কে সভাপতি এবং এরশাদ জাহান সুমনকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর উত্তর গণফোরামের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।