সবশেষ পাঁচ বিশ্বকাপের চারটিতে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় মানতে পারছেন না ব্রাজিলের সমর্থকরা।
ফ্রান্স, আর্জেন্টিনার সঙ্গে শিরোপার সম্ভাবনায় একই সঙ্গে উচ্চারিত হচ্ছিল ব্রাজিলের নাম। কারো কারো চোখে ফেভারিট ছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে শেষ আটেই থমকে গেছে তাদের পথ চলা। নেইমার-রিশার্লিসনদের এই বিদায় মানতে পারছেন না ভক্তরা।
সবশেষ ২০০২ সালে বিশ্বকাপ জেতা ব্রাজিল এনিয়ে টানা দ্বিতীয়বার বৈশ্বিক আসর থেকে বিদায় নিল কোয়ার্টার-ফাইনাল থেকে। ২০১৪ বিশ্বকাপে সেমি-ফাইনালে খেলার আগে ২০০৬ ও ২০১০ সালেও শেষ আটে পথচলা থেমে গিয়েছিল ব্রাজিলের।
প্রথম দুই ম্যাচ জিতে শেষ ষোলো নিশ্চিত করা ব্রাজিল গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্রাম দেয় প্রথম পছন্দের প্রায় সবাইকে। ক্যামেরুনের বিপক্ষে সেই ম্যাচে হেরে গেলেও শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিয়ে প্রত্যাশার পারদ আরও উঁচুতে নিয়ে যান নেইমার-কাসেমিরোরা।
কোয়ার্টার-ফাইনালে গত শুক্রবারের ম্যাচে একের পর এক আক্রমণে ক্রোয়েশিয়াকে প্রবল চাপে রাখে ব্রাজিল। কিন্তু গোলের জন্য অপেক্ষা করতে হয় লম্বা সময়। ১০৬তম মিনিটে নেইমার যখন এগিয়ে দেন দলকে, মনে হচ্ছিল এবার কোয়ার্টার-ফাইনালের গেরো কাটাতে পারবে তারা। কিন্তু ১১৭তম মিনিটে ব্রুনো পেতকোভিচের গোলে সমতা টেনে লড়াই জমিয়ে তোলে ক্রোয়েশিয়া। এরপর টাইব্রেকারে ৪-২ গোলে হেরে বিদায়ঘণ্টা বাজে ব্রাজিলের।
এই হার ফুটবল ছাপিয়ে দেশ হিসেবেও ব্রাজিলের জন্য বড় হতাশার। কোভিড মহামারীর ধাক্কা, রাজনৈতিক অস্থিরতা, নাজুক অর্থনীতির মধ্য দিয়ে যাওয়া ফুটবল পাগল দেশটি আশায় বুক বেঁধেছিল, বিশ্বকাপ জিতে তাদের মুখে হাসি ফোটাবেন নেইমাররা। কিন্তু আরও একবার স্বপ্নভঙ্গের যন্ত্রণায় পুড়তে হল তাদের।
ম্যাচের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে ব্রাজিলের ২৭ বছর বয়সী প্রকৌশলী এদুয়ার্দো কস্তা বলেন, এবারের দল নিয়ে তাদের বড় স্বপ্ন ছিল।
“আবারও কোয়ার্টার-ফাইনালের অভিশাপ। আমরা ভেবেছিলাম এই বছর হবে। আগের বছরের তুলনায় অনেক বেশি আশা ছিল এবার।”
২৪ বছর বয়সী ব্যবসায়ী লুকা জিওভানেতি মনে করেন, ব্রাজিল ভালো খেললেও হেরে গেছে কৌশলগত ভুলে।
“আমরা একটি গোল করেছিলাম এবং ভেবেছিলাম যে আমরা জিতে গেছি। ক্রোয়েশিয়া ভালো খেলেছে, তারা কৌশলী ছিল... এটা পরিষ্কার জয় ছিল।”
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com