পল্টন থানার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদন করা হয়েছে। আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ আবেদন করা হয়েছে। আগামীকাল সোমবার জামিন আবেদন বিষয়ে শুনানির দিন ঠিক করেছেন আদালত।
এ তথ্য নিশ্চিত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন।
আইনজীবী সৈয়দ জয়নুল বলেন, পল্টন থানার মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ অন্তত ১৫ জনের জামিন আবেদন করা হয়েছে। আগামীকাল জামিন আবেদন বিষয় শুনানির দিন ঠিক করেছেন আদালত।
বৃহস্পতিবার দিবাগত রাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটক করে পুলিশ। রাজধানীর নয়াপল্টনে পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে পল্টন থানায় করা মামলায় গত শুক্রবার তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
গত বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতা–কর্মীদের সংঘর্ষের ঘটনায় পল্টন, মতিঝিল, রমনা ও শাহজাহানপুর থানায় পৃথক চারটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার পল্টন ও মতিঝিল থানার পৃথক দুটি মামলায় বিএনপির ২৩ নেতা-কর্মীর বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ ছাড়া বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ৪৪৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে সেদিন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান ও আবদুল কাদের ভূঁইয়ার জামিন দিয়েছেন আদালত।

অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com