গাজীপুর জেলা প্রতিনিধিঃ
কুয়েতের আমীর শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে একদিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কুয়েতের আমীর ৯১ বছর বয়সে মঙ্গলবার মারা যান। এরপরই দেশটির মন্ত্রিসভা প্রয়াত আমীরের সৎভাই ৮৩ বছর বয়স্ক শেখ নওয়াফ আল আহমেদকে নতুন আমীর বলে ঘোষণা করেছে। কুয়েত সিটির জাতীয় পরিষদে বুধবার তিনি শপথ গ্রহণ করেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি কুয়েতের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে: ‘বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমীরের ইন্তেকালে ১ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করা হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।’ এ ছাড়া বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
Leave a Reply