প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ১০:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২০, ১০:২৯ পি.এম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ অর্থবছরের বাজেট পাস

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ অর্থ বছরের সংশোধিত বাজেট এবং ২০২০-২১ অর্থ বছরের মূল (রাজস্ব) বাজেট পাস করা হয়েছে।
সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৮২তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। অনলাইনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২০-২১ অর্থবছরের মূল (রাজস্ব) বাজেট পাসে শিক্ষা, ছাত্রবৃত্তি, চিকিৎসা ও পরিবহন খাতে বাজেট বরাদ্দের অগ্রাধিকারের কথা বলা হয়।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেট ১২৫ কোটি ২৮ লাখ টাকা এবং ২০২০-২১ অর্থবছরের ১৫৭ কোটি ৮০ লাখ টাকার মূল (রাজস্ব) বাজেট পাস হয়। যার মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বরাদ্দ ১২০ কোটি ১৫ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ১৮ কোটি ও ঘাটতি ২২ কোটি ৬৫ লাখ টাকা, ঘাটতি অর্থের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিকট সম্পূরক বাজেট প্রস্তাব চাওয়া হবে।
এদিকে, গবেষণা খাতে ২ কোটি টাকা, শিক্ষা উপকরণ ও যন্ত্রপাতি ক্রয় ৯ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। এছাড়াও যানবাহন খাত ৭ কোটি ৯৯ লাখ টাকা এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে ১ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
শিক্ষার্থীদের সহায়তার জন্য দুপুরের খাবার প্রদানসহ ১ কোটি টাকা, শিক্ষার্থীদের বৃত্তির জন্য ২ কোটি ৫০ লাখ টাকা যা বিগত বছরের ১০ গুণ বেশি বরাদ্দ প্রদান করা হয়েছে।
এছাড়া চিকিৎসা সেবা উন্নত করার লক্ষে পিসিআর ল্যাব স্থাপন বাবদ ৩ কোটি ৫০ লাখ টাকা, জিনোম ল্যাব স্থাপন বাবদ ১ কোটি ৫০ লাখ টাকা, চিকিৎসা সংক্রান্ত ঔষধপত্র/ব্যয় বাবদ ৩০ লাখ, রোগ নির্ণায়ক যন্ত্রপাতি ও ল্যাবরেটরি স্থাপন বাবদ ২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com