শেরপুরের নালিতাবাড়ীতে স্কুল ছাত্রকে নির্যাতন ও মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে বিচারকের ড্রাইভার বাতেনের বিরুদ্ধে মানববন্ধন
মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ীতে জেলা জজ আদালতের বিচারকের ড্রাইভার আব্দুল বাতেন এর বিচার চেয়ে সমশ্চূড়া বাজারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই শনিবার সকাল ১১টায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রামের বাসিন্দা জেলা জজ আদালতের বিচারকের ড্রাইভার আব্দুল বাতেন কর্তৃক এসএসসি পরীক্ষার্থী আলমাছ মিয়াকে চোর সাব্যস্ত করে নির্যাতন, মিথ্যা মামলায় ফাঁসানোর কারণে এ প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করে এলাকার সর্বস্তরের নারী পুরুষ লোকজন। পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের ১নং ওয়ার্ড সভাপতি আজগর আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, প্রতিরোধযোদ্ধা মতিউর রহমান, নির্যাতনের প্রত্যক্ষদর্শী বাবুল মিয়া, সমশ্চূড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম, পোড়াগাঁও ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, নালিতাবাড়ী উপজেলা ছাত্রলীগের সদস্য গোলাম মাওলা, সাংবাদিক রবিউল ইসলাম, নির্যাতিত ছেলের বাবা আইয়ুব আলী, পোড়াগাঁও ইউনিয়ন চেয়ারম্যান আজাদ মিয়া, পোড়াগাঁও ইউনিয়ন আওমীলীগের সহ সম্পাদক আনোয়ার হোসেন, পোড়াগাঁও ইউনিয়ন আওমীলীগের সাধারণ সম্পাদক তোতা মিয়া প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সমশ্চুড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আলমাছ মিয়া গত ২২ জুলাই বুধবার সকালে নিজের চাষ করা কাঁকরোল নিয়ে ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম চৌ রাস্তা বাজারে সকালে পাইকারী সবজি বিক্রি করতে যায়। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে ওই গ্রামের বাসিন্দা ও শেরপুর জজ আদালতের বিচারকের ড্রাইভার আব্দুল বাতেন কাঁকরোল বিক্রিত টাকা তার ভাইয়ের দোকান থেকে চুরি হওয়া টাকা বলে চোর সাব্যস্ত করে পিছনে দিয়ে দুই হাত বেঁধে মধ্যযুগীয় কায়দার বেধড়ক মারধর করে। পরে বাতেন থানা পুলিশ ডেকে আলমাছকে চোর বলে ধরিয়ে দেয়। আমরা এর তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচার দাবী করছি। একই সঙ্গে ড্রাইভার বাতেনের কঠোর শাস্তি দাবী করছি। তারা আরও বলেন, বিচারকের ড্রাইভার হওয়ার সুবাদে বাতেন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।এর আগেও গফুরকারী সহ কয়েক জনকে অন্যায় ভাবে জেল হাজতে পাঠিয়েছিলেন জমি দখল করে নিতে।যেনতেন বিষয়ে সে মানুষের সাথে বিবাদে জড়িয়ে পড়ে এবং মিথ্যা মামলায় হয়রাণী করেন। কিছুদিন আগে বন বিভাগের পাহাড়ী জমি দখল করে পাহাড় কাটার অপরাধে তার বিরুদ্ধে বন বিভাগ মামলা করেছেন। এমতাবস্থায় ড্রাইভার বাতেনের হাত থেকে এলাকাবাসীকে বাঁচাতে প্রশাসন ও সরকারের সুদৃষ্টি কামনা করেন বক্তারা ও সাধারণ মানুষ।