জবি প্রতিনিধিঃ
করোনা পরিস্থিতি পরবর্তী সংকট নিরসনে বাড়িভাড়া ৫০ শতাংশ মওকুফসহ তিন দফা দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ ‘করোনা মহামারীতে বাড়িভাড়া সংকট নিরসন চাই’ এর সাথে সংশ্লিষ্ট খবির উদ্দিন লাঞ্চু ও নাহিদ ফারজানা মীম এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি এ দাবি জানান।
তারা বলেন, করোনা মহামারীতে মার্চ মাসের মাঝামাঝি থেকে দেশের অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও বন্ধ আছে। ইতোমধ্যে এ অনাকাঙ্ক্ষিত ছুটি তিন মাস পেরিয়ে গেছে। এমতাবস্থায় সম্পূর্ণ অনাবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে জবি শিক্ষার্থীরা ব্যাপক সংকটের সম্মুখীন। ভাড়া পরিশোধের দুশ্চিন্তা শিক্ষার্থীদের তাড়িয়ে ফেরে। বারবার প্রশাসনের সাথে যোগাযোগ করলেও দায়সারা বক্তব্য ছাড়া কোনো যথোপযুক্ত সমাধান আসেনি।
এরূপ পরিস্থিতিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি রাখছি, শিক্ষার্থীদের বাড়িভাড়ায় ৫০% ভর্তুকি দিতে হবে, করোনা মহামারী পরবর্তী সেমিস্টারের সকল প্রকার ফি মওকুফ করতে হবে, জবিসহ ঢাকার সকল শিক্ষার্থীর বাড়িভাড়ার ৫০% মওকুফের জন্য সিটি কর্পোরেশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলতে হবে।
বিবৃতিতে তারা আরও বলেন, আমরা যেখানে এক-দুমাসের ভাড়াই পরিশোধ করতে পারছি না, সেখানে ৫-৬ মাসের বকেয়া ভাড়া একসাথে পরিশোধ করার কোনো বাস্তবতা নেই। এবারের পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা হয়নি, তার বাজেট রয়ে গেছে। এছাড়া বিশ্ববিদ্যালয় দিবসসহ যেসব দিবস উপলক্ষে বড় অনুষ্ঠান আয়োজন করা হয়, এবছর সেখানে বরাদ্দ কমিয়ে শিক্ষার্থীদের ভর্তুকি দেয়ার কথাও বলেন তারা।
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com