জবি প্রতিনিধিঃ
সুস্থ হয়ে উঠেছেন করোনাভাইরাসে আক্রান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সেই শিক্ষার্থী।
রোববার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে তার করোনা নেগেটিভ বলে জানানো হয়। এর আগে ২২ এপ্রিল দ্বিতীয় দফায় তার নমুনা সংগ্রহ করেছিলো আইইডিসিআর।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল ওই শিক্ষার্থীর শরীরে আইইডিসিআরের পরীক্ষা শেষে তাকে করোনা ভাইরাস পজেটিভ বলে জানায়।
ওই শিক্ষার্থী জানান, কোভিড-১৯ পজেটিভ আসার ১৫ দিনের মধ্যেই আপনাদের দোয়ায় কোভিড-১৯ নেগেটিভ করতে পেরেছি। এজন্য আমি মহান আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করি।
করোনা আক্রান্তদের জন্য কী পরামর্শ থাকবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে মনোবল। মনোবল অনেক শক্ত থাকলে অর্ধেক সুস্থ হয়ে যায়। এছাড়াও ভিটামিন-সি জাতীয় খাবার ও সবসময় গরম পানির ব্যবহার করতে হবে। নিয়মিত পর্যাপ্ত পরিমাণ খাবার খেতে হবে।
এ সময় তিনি আরো বলেন, করোনার এই পুরো সময়ে আমি বাসায় ছিলাম। সম্পূর্ণ আলাদা একটি রুমে আমি হোম আইসোলেশনে ছিলাম। খাবার, কাপড়, ব্যবহারের সবকিছু পরিবারের অন্য সদস্যদের থেকে আলাদা করে ফেলি। এতে করে আমার পরিবারের সদস্যরা নিরাপদে থাকে। তাদের মধ্যে এই রোগের সংক্রমণ হয়নি। আমার বিষয়টা জানার পর অনেক ভাই, বোন, বন্ধুরা খোঁজ নিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও বিভাগের শিক্ষকরা খোঁজ খবর নিয়েছিলেন। সবার দোয়া ও ভালোবাসায় আমি এখন সুস্থ।
Leave a Reply